স্কুলে যাওয়ার পথে...

ফন্ট সাইজ:

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপা ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে ও ফুলবাড়ী পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময় বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় মহাসড়ক পার হচ্ছিল শিপা। এ সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা চালককে গ্রেপ্তারের দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা। ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম বলেন, বাসটি থানায় রয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।