খাগড়াছড়িতে বিদেশি অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) একটি বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলিসহ পাঁচ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ‘ক্রিস্টাল মেথ’ (আইস) উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গপাড়া এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে বিজিবি’র যামিনীপাড়া জোন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া জোনের একটি বিশেষ টহলদল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে একটি মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক আড়াইটার দিকে পানছড়ির দিক থেকে আসা দুই আরোহীসংবলিত একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় বিজিবি।

চালক মোটরসাইকেলের গতি কমিয়ে হঠাৎ ঘোরাতে চেষ্টা করে এবং তাইন্দংয়ের দিকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি বুঝে বিজিবি সদস্যরা সঙ্গে সঙ্গে তাদের ধাওয়া করলে একপর্যায়ে দুষ্কৃতকারীরা মোটরসাইকেলটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি এবং পাঁচ কোটি টাকা সমমূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে যামিনীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইব্নে হোসেন জানান, খাগড়াছড়ি জেলায় এটাই প্রথম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধারের ঘটনা। পার্বত্য সীমান্ত এলাকা দিয়ে মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রুখতে বিজিবি’র জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এই ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।