যুবদল নেতা হত্যায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় স্ত্রীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। আদালতের এপিপি শামসুজ্জোহা শাহান শাহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি মনিরুল ইসলাম আদালতে উপস্থিত থাকলেও নিহতের স্ত্রী আত্মগোপনে রয়েছেন। অপরদিকে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম ও নিহতের স্ত্রীর ভাই পিয়াস হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলোÑ নিহত যুবদল নেতা সেলিম রেজা সুজনের স্ত্রী উম্মে সালমা তিথি ও তার পরকীয়া প্রেমিক শাহজাদপুর উপজেলার দরগাপাড়া গ্রামের বেলাল ফকিরের ছেলে মনিরুল ইসলাম।

তবে, এ রায়ে নিহতের পরিবার ও স্বজনরা অসন্তোষ প্রকাশ করে আদালত প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়।
২০১৫ সালের ১লা জুন সন্ধ্যায় যুবদল নেতা সেলিম রেজা সুজনকে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়।