স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক।
গতকাল আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট অতীন্দ্রনাথ ব্যানার্জি ও এডভোকেট হাবিবুর রহমান বাচ্চু।
জানা যায়, ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের জয়গুপি গ্রামের ঝড়ু মুন্সি বাড়ির মো. ফরহাদ হোসেন টিটব প্রথম স্ত্রী ও মামলার বাদী মাহামুদা বেগমের সঙ্গে বসবাস করতেন। দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগম থাকতেন সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামে।
দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নিয়মিত যাতায়াত ও খোঁজখবর না নেয়াকে কেন্দ্র করে প্রায়ই পারিবারিক বিরোধ দেখা দিতো। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৩শে রাতের কোনো একসময় নুরনাহার ধারালো দা দিয়ে ফরহাদ হোসেন টিটবকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ফরহাদের প্রথম স্ত্রী মাহামুদা বেগম বাদী হয়ে ভোলা সদর থানায় হত্যা মামলা করেন।
