চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দুই দালালকে ১ মাসের কারাদণ্ড

ফন্ট সাইজ:

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১১টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা এবং একটি অটোটেম্পু আটক করা হয়েছে।
মঙ্গলবার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিআরটিএ চট্ট মেট্রো-১ কার্যালয়ে দালালির অভিযোগে বাঁশখালী উপজেলার ছাপাছড়ি গ্রামের মো. মাসুদ আলী (৩১) এবং আনোয়ারা উপজেলার শুলকাটা গ্রামের মো. হাসেম (৪৫)কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া নগরীর বড়পুল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ১১টি মামলা করা হয়।

এসব মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময় একটি অটোটেম্পু আটক করা হয়েছে। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২-এর এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানিয়েছে, বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের দৌরাত্ম্য রোধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।