নরসিংদীর রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি’র অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া রায়পুরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুরে চেয়ারম্যান ফারুক হোসেনের বাড়ির সামনে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- রায়পুরা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাসেল ভূঁইয়া, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম পলাশ সহ বেশ কয়েকজন।
রাসেল ভূঁইয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং আমির হোসেন আমুর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, চেয়ারম্যানের বাড়ি অতিক্রম করার সময় লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে মোটরসাইকেলের বহরে হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শিলা বলেন, আহত অবস্থায় ১০ জন হাসপাতালে আসলে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আমির হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
