উখিয়ায় আল আরাফাহ্‌ ইসলামী এজেন্ট ব্যাংকের কোটি টাকা উধাও

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজারে আল-আরাফাহ্‌ ইসলামী এজেন্ট ব্যাংক থেকে গ্রাহকের কোটি কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পলাতক রয়েছেন বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। মঙ্গলবার ব্যাংকটির সামনে গিয়ে গ্রাহকদের ভিড় ও উত্তেজনা দেখা যায়। গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের বিভিন্ন হিসাবে জমা থাকা টাকা বর্তমানে পাওয়া যাচ্ছে না। এমনকি কোনো কোনো হিসাবে টাকা না থাকার তথ্যও জানিয়েছেন তারা। একজন গ্রাহক দাবি করেন, ওই এজেন্ট ব্যাংকে তার ১৮ লাখ ৬৫ হাজার টাকা জমা ছিল। কিন্তু তিনি সেই টাকা তুলতে পারছেন না।

গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের জমা করা টাকা তুলে নিয়ে পালিয়ে গেছেন। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। পালংখালী বাজারের ওই এজেন্ট ব্যাংকের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন টেকনাফের কানজরপাড়ার বাসিন্দা হাবিব উল্লাহ ফরহাদ। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা তাদের জমা করা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।