‘মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না’

‘মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না’

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এমন কঠোর বার্তা দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলায় গুরুতর আহত মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী হাসান আহমদকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় হাসানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান। হাসানের অবস্থা দেখে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে নাসের বলেন, মৌলভীবাজারে শান্তিকামী মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে কোনো ধরনের কিশোর গ্যাং সংস্কৃতি গড়ে উঠতে দেয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। ‘কিশোর গ্যাংয়ের মূলোৎপাটন করতে হবে।

এ সময় হাসানের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মৌলভীবাজারের পুলিশ সুপার ও থানার ওসি সঙ্গে যোগাযোগ করে দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দেন। এ ছাড়া অবিলম্বে মৌলভীবাজার জুড়ে অভিযান চালিয়ে কিশোর গ্যাং নামক সন্ত্রাসীদের মূলোৎপাটন করারও নির্দেশ দেন তিনি। হাসানের পরিবারের সদস্যরা জানান, কোনো অপরাধে জড়িত না থাকা সত্ত্বেও কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার শিকার হয়েছে তাদের সন্তান। সন্তানের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। পরিবারের পক্ষ থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত বুধবার বিকালে মৌলভীবাজার শহরের চৌমহনা সমশেরনগর রোড এলাকায়, রাতে কুসুমবাগ এলাকায় ও পাগুলিয়া ইনডোর স্টেডিয়াম এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় হাসানসহ গুরুতর আহত হন আরও ৫/৬ জন। এরপর থেকে কিশোর গ্যাংয়ের মাথাচাড়া দিয়ে উঠার বিষয়ে শহর জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। গেল বছর ভাড়াটিয়া কিলার হিসেবে কিশোর গ্যাংয়ের সদস্যরা তরুণ আইনজীবী এডভোকেট সুজন মিয়াকে শহরের পৌরসভা এলাকায় ছুরিকাঘাত করে খুন করে। এরপর থেকে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এদের নেপথ্যে কারা? কারা এদের সাহস জোগাচ্ছে? এমনটি জানতে ও এদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শান্তিপ্রিয় এই শহর থেকে কিশোর গ্যাং নামক সন্ত্রাসী নির্মূলের দাবি জেলা শহরসহ উপজেলার বাসিন্দাদের।