শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট সোলেমান ডিগ্রি কলেজ এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ আরোহীর মৃত্যু হয়। অন্যদিকে মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮), শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামের জাফর আলীর ছেলে আব্দুল আহাদ (১৮) ও একই এলাকার এরফান আলীর ছেলে জাবির আলী (১৮)।

জানা যায়, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবু হায়াত ও হাবিব। পথে মুসলিমপুর-টাকশালদিঘী কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিহতরা কানসাট থেকে শিবগঞ্জ অভিমুখী পথে বিপরীত থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আব্দুল আহাদ মারা যান এবং জাবির আলীকে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দল গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের বাড়ি শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামে ও অপর ২ জনের বাড়ি শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ বালিয়াদীঘি এলাকায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।