সীতাকুণ্ডে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবির প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমসহ হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। গত সোমবার বিকাল ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বাবুল দাস, রাখাল দাস, স্বপন দাস ও যশোদা রাণী দাস। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তর ছলিমপুরের দেলিপাড়া এলাকার ব্যবসায়ী দুর্যোধন দাশ (সজীব) অভিযোগ করেন, গত ২৭শে মে সকালে বাবুলের নেতৃত্বে কয়েকজন তার বাবার চায়ের দোকানে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এ সময় বাধা দিতে গিয়ে তার ছোট ভাই প্রদীপ দাশও আহত হন। এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা ব্যবসায়ীর মোবাইল ফোন এবং তার মায়ের কাছ থেকে ৮১ হাজার ৫০০ টাকা নেয়। একইসঙ্গে আগামী এক বছরে আরও ৫ লাখ টাকা চাঁদা দেয়ার জন্য চাপ দেয়া হয়। টাকা না দিলে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুমের হুমকি দেয়ার অভিযোগও করা হয়েছে। এজাহার অনুযায়ী, গত ৬ আগস্ট অভিযুক্তরা একই স্থানে গিয়ে আবারো চাঁদা দাবি করে।

একপর্যায়ে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।