কানাইঘাট সীমান্ত

দালাল ধরে পাড়ি দেয়ার সময় ৮ রোহিঙ্গা আটক

ফন্ট সাইজ:

দালাল ধরে পাড়ি দেয়ার সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে ৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত সোমবার বিকালে দীঘিরপাড় ইউনিয়নের কুওরেরমাটি মাদ্রাসার সামনে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটক চার দালালের মধ্যে রয়েছে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল বাঙ্গীছড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আছাদ আহমদ, বড়খেরড় গ্রামের বাতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন এবং দুই সিএনজি অটোরিকশাচালক সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের ছেলে রফিক আহমদ ও নেত্রকোণা সদর উপজেলার মইন নুরুলীয়া গ্রামের মৃত আবুল কাশের ছেলে এলাছ উদ্দিন।

পুলিশ জানায়, নগরের কদমতলী এলাকা থেকে দুই সিএনজি অটোরিকশাযোগে ওই ৮ রোহিঙ্গাকে কানাইঘাটে নিয়ে আসা হয়। পরে তাদের দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল। কানাইঘাটের দনা সীমান্ত এলাকার দালাল সাদ্দাম হোসেন ও আছাদ আহমদের মাধ্যমে তাদের আনা হয় বলে জানা গেছে। আটক ৮ রোহিঙ্গা হলো- এনায়েত হোসেন, আব্দুল মুবিন, জুবের আহমদ, আজিদা বেগম, জামিলা বেগম, ফাতেমা বিবি, নুর ফাতেমা ও আজিদা। তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের দাবি, কাজের সন্ধানে ওই রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্প থেকে বের হয়ে সাদ্দাম ও আছাদের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। সাদ্দাম ও আছাদ দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা জানিয়েছেন, রোহিঙ্গাদের দ্রুত দনা সীমান্তে পৌঁছে দেয়ার জন্য দীঘিরপাড় ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের বটরবাজার এলাকায় সুরমা নদীর ঘাটে একটি নৌকা ভাড়া করে রাখা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে নৌকাযোগে তাদের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সাদ্দাম ও আছাদ রোহিঙ্গাদের নিয়ে আসতে কিছুটা দেরি করায় নৌকার মাঝি একাধিকবার তাদের মোবাইল ফোনে যোগাযোগ করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা কুওরেরমাটি মাদ্রাসার কাছে অবস্থান নেয়া দু’টি সিএনজিচালিত অটোরিকশায় থাকা রোহিঙ্গা ও দালালদের আটক করেন। পরে পুলিশকে খবর দেয়া হলে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, দালালসহ ৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে কানাইঘাট হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।