রংপুরে বাল্যবিবাহ ও নবজাতক মৃত্যুহার প্রায় দ্বিগুণ

ফন্ট সাইজ:

‘রংপুরে নবজাতক মৃত্যুহার জাতীয় গড়ের চেয়ে ৫০ শতাংশ বেশি। রংপুর-লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, বাল্যবিবাহ ও গর্ভবতী মায়ের প্রসবকালীন ঝুঁকিসহ নবজাতকের মৃত্যুর হার দেশের অন্যান্য জেলার তুলনায় রয়েছে প্রায় দ্বিগুণ।’ রংপুর নগরীর সেন্ট্রাল কনভেনশন হলে কিশোরী গর্ভধারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

রংপুর বিভাগের মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে জননী প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে নাবিলা জানান, সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিশোরী গর্ভধারণ ও বাল্যবিবাহ প্রতিরোধ করা, দুর্গম ও চরাঞ্চলের জন্য মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নির্দেশিকা ও রেফারেল ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন- সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের জননী প্রকল্পের ফিল্ড অপারেশন্স ম্যানেজার ডা. গোলাম ফখরুদ্দীন ফাহিম, প্রকল্প পরিচালক ডা. উজ্জ্বল কুমার রায়, মিডিয়া অ্যান্ড ক্যাম্পেইন কমিউনিকেশন্স সিনিয়র ম্যানেজার আশফাক জামান।

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত জননী প্রকল্পটি কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ রংপুর ও লালমনিরহাট জেলার ৪০টি ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে।