কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে মো. আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে মোহাম্মদ আজাদ। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭শে জুলাই রাতে তার স্ত্রী ও তিন সন্তানের জননী তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে মো. আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে মো. আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। তদন্তের পাশাপাশি তানিয়া বেগমের ময়নাতদন্ত করা হয়। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে উঠে আসে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক আসামি আজাদকে দোষী সাব্যস্ত করেন। পরে মঙ্গলবার আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
