ময়মনসিংহের ত্রিশালে ডোবা থেকে আব্দুস সালাম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ডোবায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে ত্রিশাল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সালাম পাশের ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে।
ত্রিশাল থানার এসআই রুবেল জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
