সতর্কবার্তা পূজা চেরীর

সতর্কবার্তা পূজা চেরীর

ফন্ট সাইজ:

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গুঞ্জন ও বিভ্রান্তিকর খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার সতর্কবার্তা দেন। পূজা বলেন, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারও সঙ্গে, কখনো অন্য কারও সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে। যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক। নিজের বাগদান ও বিয়ে প্রস্তুতি প্রসঙ্গে পূজা বলেন, আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড। এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাবো। লুকানোর কিছু নেই। তিনি জানান, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন। নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত।

বিভ্রান্তিকর সংবাদ প্রসঙ্গে নায়িকা বলেন, কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই, আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন। পূজা বলেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা,
অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হবো।