রাজ্যে পালাবদলের পর থেকেই টালিগঞ্জ স্টুডিওপাড়ার অচলাবস্থা কাটছে না। ইম্পা, ফেডারেশনের মতো সংগঠনগুলোতে ‘ঘুঘুর বাসা’ তৈরির অভিযোগ উঠেছিল প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে। তবে নির্বাচনী রেজাল্টের শতদিন পার হলেও টলিউডের অচলাবস্থা কাটেনি। এবার সেই সমস্যার নিষ্পত্তি করতেই টলিউডে সরাসরি নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নতুন সরকারের। মাস দুয়েক বাদেই টলিউডের ২৬টি গিল্ডের নির্বাচন হবে।
সোমবার নন্দনের বৈঠকে নির্বাচনী নির্ঘণ্টও নির্ধারণ করা হয়। জানা যায়, আগামী ৩১শে অক্টোবর এবং পয়লা নভেম্বর ফেডারেশনের আওতাধীন ২৬টি গিল্ডে ভোট হবে। এরপর গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি গঠন করে কলাকুশলীদের নিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এদিন বিকালে নন্দনে মিঠুন চক্রবর্তীর তত্ত্বাবধানে বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অভিনেতা জিৎ, পরিচালক হরনাথ চক্রবর্তী, প্রযোজক অতনু রায় চৌধুরী প্রমুখ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন টলিপাড়ার গিল্ডের সদস্যরা।
বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন না নির্বাচন হয়, ততদিন চোখ খোলা থাকবে। ইন্ডাস্ট্রিতে কোনো নর্দমা থাকবে না। সব সাফ করা হবে। ফেডারেশনের আওতাভুক্ত গিল্ডগুলোর নির্বাচন, সদস্যপদ এবং গিল্ডের কার্ড নিয়ে পূর্বতন সরকারের আমলে দীর্ঘদিন ধরে যে
সমস্যা তৈরি হয়েছিল, এদিনের মিটিংয়ের মূল আলোচ্য বিষয় ছিল এগুলোই। সেসবের সমাধান করতেই মাস দুয়েক বাদে ভোটের মাধ্যমে ফেডারেশনের নয়া কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
