নিজ ঘরে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

ফন্ট সাইজ:

ফেনীর পরশুরামে নিজের বসতঘর থেকে জাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার গুথুমা মাস্টারপাড়া এলাকায় নিজ ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নিহত জাহেদা গুথুমা মাস্টারপাড়ার মোহাম্মদ আবদুল মতিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। একমাত্র ছেলে চাকরির সুবাদে পরিবারসহ ঢাকায় অবস্থান করায় তিনি বাড়িতে একাই থাকতেন। পুলিশ জানায়, গত রোববার থেকে মায়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন ছেলে আফজাল হোসেন হৃদয়। পরে সোমবার বিকালে তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মায়ের নিথর দেহ দেখতে পান। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অন্তত দুই-তিনদিন আগেই তার মৃত্যু হতে পারে। একজন অসুস্থ বৃদ্ধা টানা কয়েকদিন একা ঘরে থাকলেও কারও নজরে না আসার বিষয়টিকে স্থানীয় সচেতন মহল সামাজিকভাবে উদ্বেগজনক বলে মনে করছেন। পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি স্বাভাবিক মৃত্যু বলে প্রতীয়মান হওয়ায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।