বোয়ালমারীতে ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- নাসির মোল্লা (২০), সৈকত চন্দ্র মণ্ডল (২১) ও মো. নাসির (২২)। মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০২০ সালের আগস্টে বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানায় মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেয়ার জন্য জেলা কালেক্টরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট গোলাম রব্বানী রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এর ভিত্তিতেই আদালত তাদের যাবজ্জীবন ও অর্থদণ্ড দিয়েছেন।