সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ চালকও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে ও পেশায় দুধ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি একটি পিকআপ নিয়ে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। কিন্তু পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
