গাজীপুরের শ্রীপুরে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল কাদির (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা থেকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার কাদির উপজেলার মুলাইদ গ্রামের আশরাফ আলীর ছেলে। ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গোপন সংবাদে তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে ঘরের বিভিন্ন স্থান থেকে প্যাকেট করা ৪০ প্যাকেটে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৩৭ হাজার টাকা। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
