রুশ যুব উৎসবে নালিতাবাড়ীর সোহেল

রুশ যুব উৎসবে নালিতাবাড়ীর সোহেল

ফন্ট সাইজ:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসিয়াল ডিক্রির আওতায় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকার তরুণ সোহেল হোসাইন। তিনি মো. ফজল ও সকিনা খাতুন দম্পতির ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সোহেল বর্তমানে চীনের উহান ইউনিভার্সিটিতে ট্রান্সলেশন স্টাডিজ বিষয়ে মাস্টার্স করছেন। আন্তর্জাতিক এ আয়োজনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। উৎসবটি পরিচালনা করছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট ও রসমোলোদেজ।

আয়োজনে রাশিয়ার ৫ হাজারসহ বিশ্বের বিভিন্ন দেশের আরও ৫ হাজার তরুণ অংশ নেবেন। নিজের অনুভূতি জানিয়ে সোহেল বলেন, রাশিয়ার মতো বিশাল একটি দেশে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। আমি সেখানে বাংলাদেশে রুশ ভাষা ও সংস্কৃতি চর্চার সম্ভাবনা এবং রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে কাজ করবো। রাষ্ট্রীয় আয়োজন হওয়ায় তার সফরের যাবতীয় ব্যয় রুশ সরকার বহন করবে বলেও জানান- তিনি। আগামী ১১ থেকে ১৭ই সেপ্টেম্বর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে উৎসবের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর একটি পর্বে সোহেল অংশ নেবেন ইয়েকাতেরিনবুর্গে। এরপর ১৭ থেকে ২২শে সেপ্টেম্বর রিপাবলিক অব কালমিকিয়ায় অনুষ্ঠিত হবে আঞ্চলিক পর্যায়ের বিশেষ কর্মসূচি। এ কর্মসূচিতেও বিশেষভাবে মনোনীত হয়েছেন তিনি।