হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধাবঞ্চিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ভাঙাচোরা সড়ক, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণের কারণে এলাকা জুড়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ডের অধিকাংশ সড়ক বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বটতলা থেকে দাউদনগর সাহেব বাড়ির পুকুরপাড় হয়ে ছাওয়ালপীর মাজার ও চরনুর আহমদ মসজিদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা এলাকাবাসীর দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
খানাখন্দ ও কাদায় ভরা এবং বৃষ্টি হলেই হাঁটু পানিতে সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের যাত্রীদের। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে এলাকায় গৃহস্থালির বর্জ্য অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুরো ওয়ার্ডে একটি ডাস্টবিনও স্থাপন করা হয়নি। ফলে বাধ্য হয়ে লোকজন যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। এসব বর্জ্য দীর্ঘ সময় পড়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ দূষণ সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
