ট্রেন আসার অপেক্ষা। কেউ ব্যস্ত মোবাইল ফোনে, কেউ গল্পে, আবার কেউবা চুপচাপ বসে সময় পার করছেন। তবে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এখন অপেক্ষার এই সময়টুকু কাটছে বইয়ের পাতায় চোখ রেখে। যাত্রীদের অবসর সময়কে আনন্দদায়ক ও জ্ঞানসমৃদ্ধ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌরসভার স্থাপিত পাঠক কর্নারে চতুর্থবারের মতো নতুন বই সংযোজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রেলস্টেশনের পাঠক কর্নারে নতুন বইগুলো রাখা হয়। শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে এসব বই সরবরাহ করা হয়। পাশাপাশি ‘উত্তরণ’ ও সাংবাদিক ইসমাইল মাহমুদের পক্ষ থেকেও পাঠক কর্নারের জন্য বই দেওয়া হয়েছে।
পাঠক কর্নারে সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের বই পর্যায়ক্রমে যুক্ত করা হচ্ছে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষ যাতে অবসর সময়ে বই পড়ার সুযোগ পান, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন।
ঢাকাগামী যাত্রী ইমরান আহমেদ বলেন“ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকার সময়টা অনেক সময় একঘেয়ে লাগে। পাঠক কর্নারে নতুন নতুন বই থাকায় এখন অবসর সময়টা বই পড়ে আনন্দের সঙ্গে কাটানো যাচ্ছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন,“যাত্রীদের অবসর সময়কে আনন্দদায়ক ও জ্ঞানসমৃদ্ধ করতেই পাঠক কর্নারে নিয়মিত নতুন বই সংযোজন করা হচ্ছে। আমরা চাই, ট্রেনের অপেক্ষার সময়টুকু যাত্রীরা মোবাইল ফোনে না কাটিয়ে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করুন। বই পড়ার এই অভ্যাসকে আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে
পাঠক কর্নারে নতুন বই সংযোজনের ফলে রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা অবসর সময়ে বই পড়ার সুযোগ পাচ্ছেন। এ উদ্যোগ যাত্রীদের মধ্যে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ট্রেনের অপেক্ষায় বইয়ের পাতায় জ্ঞানচর্চা
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পাঠক কর্নারে নতুন বই
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলারজমিন
২ ঘন্টা আগে
১৮ আগস্ট (মঙ্গলবার), ২০২৬, ৬ঃ৩৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
