সাতক্ষীরা জেলায় জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শাফিউল পাটোয়ারী। গতকাল জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে শ্যামনগর থানার ওসি শাফিউল পাটোয়ারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়। এ ছাড়াও বিভিন্ন অভিযানে যুক্ত থেকে দক্ষতার পরিচয় দেয়ায় এসআই আনোয়ার, এসআই সুদীপ, এএসআই নবী, এএসআই জাফরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা স্মারকসহ নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুনসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত ও নিষ্পত্তি, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখাসহ সার্বিক কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতে জুলাই মাসে শ্যামনগর থানার ওসি শাফিউল পাটোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
