মহাসড়কে চালু হলো এআই মামলা সিস্টেম

মহাসড়কে চালু হলো এআই মামলা সিস্টেম

ফন্ট সাইজ:

দেশের মহাসড়কে এবার চালু হয়েছে স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর এআই মামলা সিস্টেম। যা 'অটো ফাইন সিস্টেম' হিসেবে পরিচিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত সড়কে প্রাথমিকভাবে এটি চালু করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়নগঞ্জের মেঘনা ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই সিস্টেম উদ্বোধন করেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ; মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর 'অটো ফাইন সিস্টেম' চালু করা হয়েছে। অটো ফাইন সিস্টেমের আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সিস্টেম চালু করেছি, এতে চালকরা আইন অমান্য করলে অটো ফাইন হয়ে যাবে। এবং মোবাইলে মেসেজ চলে যাবে। ইচ্ছে করলে মোবাইল ফাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আশা করি এই উদ্যোগের ফলে সড়ক শৃঙ্খলায় যুগান্তকারী পরিবর্তন আসবে। মালিক শ্রমিক ফেডারেশন এবং পুলিশ সকলে মিলে এই কার্যক্রম সাফল্যমন্ডিত করবে। বাংলাদেশে সমস্ত মহাসড়কে এই ব্যবস্থা চালু করা হবে। এতে চাঁদাবাজির প্রবণতাও কমবে এবার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়নগঞ্জ-৩ আসনের আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ।