সোমালি জলদস্যুদের কবলে আরো একটি কার্গো জাহাজ

সোমালি জলদস্যুদের কবলে আরো একটি কার্গো জাহাজ

ফন্ট সাইজ:

হর্ন অব আফ্রিকা খ্যাত উপকূলে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সোমালি জলদস্যুরা। দীর্ঘদিন শান্ত থাকার পর সম্প্রতি এই অঞ্চলে জলদস্যুতার উদ্বেগজনক পুনরুত্থান দেখা যাচ্ছে। সর্বশেষ সোমালিয়ার উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী ‘লুতুফ’ নামের একটি কার্গো জাহাজ ছিনতাই করেছে সশস্ত্র জলদস্যুরা। গত এপ্রিলের পর থেকে এ পর্যন্ত এটি পঞ্চম ছিনতাইয়ের ঘটনা। এ খবর দিয়েছে গালফ নিউজ।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ১৭ আগস্ট সোমালিয়ার মারেয়ো উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটিতে হামলা চালানো হয়। আটজন সশস্ত্র ব্যক্তি জোরপূর্বক জাহাজটিতে উঠে এর নিয়ন্ত্রণ নেয়। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই ঘটনাকে ‘ছিনতাই’ হিসেবে আখ্যা দিয়েছে। সামুদ্রিক নিরাপত্তা কোম্পানি ভ্যানগার্ড টেক জানিয়েছে, ছিনতাই হওয়া জাহাজটি ১৯৯৫ সালে নির্মিত ১৪০১ ডেডওয়েট টনের কার্গো জাহাজ ‘লুতুফ’। এখন পর্যন্ত জাহাজের ক্রুদের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আক্রমণকারীদের পরিচয় বা তাদের দাবিদাওয়ার বিষয়টিও এখনও অস্পষ্ট। কোনো গোষ্ঠী প্রকাশ্যে এই ছিনতাইয়ের দায় স্বীকার করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রুদের নিরাপদে থাকার খবর ছড়ালেও, ইউকেএমটিও বা অন্য কোনো নির্ভরযোগ্য সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এখনও তা নিশ্চিত করেনি। ইউরোপিয়ান মেরিটাইম সিকিউরিটি সেন্টারসহ একাধিক সামুদ্রিক প্রকাশনা এই ছিনতাইয়ের খবরের সত্যতা নিশ্চিত করেছে।