জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা। তিনি দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেন। মঙ্গলবার ভোরে দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। কারচুপির অভিযোগ ও উত্তেজনার মধ্যেই এই ফল প্রকাশ করা হলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬৪ বছর বয়সী হিচিলেমা মোট প্রদত্ত বৈধ ভোটের প্রায় ৬১ দশমিক ৪ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্দুবিলে পেয়েছেন ৩৮ শতাংশ ভোট। ফলাফল ঘোষণার পর রাজধানী লুসাকায় ক্ষমতাসীন ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউপিএনডি)-এর শত শত নেতাকর্মী লাল পোশাকে আনন্দ মিছিল ও আতশবাজি ফুটিয়ে উদযাপন শুরু করেন। এক বিবৃতিতে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিচিলেমা জানান, বিরোধীদের প্রত্যাশাকেও গুরুত্ব দিয়ে তিনি কাজ চালিয়ে যাবেন। গত ১৩ আগস্ট অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ৫০ লাখ ভোটার অংশ নেন।
তবে ভোটের দিন রাতে বিরোধী নেতাদের একটি ডেরায় নিরাপত্তা বাহিনীর অভিযানে গোলাগুলি ও ১১ জন আটকের ঘটনা ঘটে, যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। ভোট গণনা চলাকালে ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতার অভিযোগে কয়েক ঘণ্টার জন্য গণনা স্থগিতও করা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা নির্বাচনকে সার্বিকভাবে শান্তিপূর্ণ বললেও প্রচারের ক্ষেত্রে অসম প্রতিযোগিতার সমালোচনা করেছেন। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী এই দেশটিতে ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র ফেরার পর থেকে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
