চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবু হায়াত ও হাবিব। পথে মুসলিমপুর-টাকশালদিঘী কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই খোকন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
