হরমুজ প্রণালি পার হওয়ার সময় একটি জাহাজে অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সংস্থাটি জানিয়েছে, জাহাজের কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় জাহাজটি এই হামলার শিকার হয়। অজ্ঞাত বস্তুর আঘাতের ফলে জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন ক্রু হতাহত হয়েছেন। জাহাজে থাকা বাকি ক্রুদের ওমানের কোস্টগার্ড বর্তমানে সহায়তা করছে। ইউকেএমটিও আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবেশগত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। এছাড়া ওই এলাকার জলসীমায় চলাচলকারী অন্যান্য জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে অবিলম্বে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্ত জাহাজ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
