সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে

সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে

ফন্ট সাইজ:

উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর এই প্রথম কৌশলগত বিমানঘাঁটিটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটল। হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের ধারণা, হামলার মাত্রা ও প্রয়োজনীয় সক্ষমতা বিবেচনায় এটি ইসরায়েলের চালানো হামলা হওয়ার সম্ভাবনাই বেশি। এ খবর দিয়েছে আল জাজিরা অনলাইন।

ইদলিব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক কামাল আবদো জানান, সিরিয়ার আকাশে সামরিক বিমান দিয়ে এত বড় পরিসরে হামলা চালানোর মতো সক্ষমতা ইরান বা তাদের মিত্রদের নেই। তিনি উল্লেখ করেন, সিরিয়ার নিজস্ব কার্যকর কোনো বিমানবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় দেশটি তাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে বা সরাসরি কোনো জবাব দিতে পারছে না। অস্ত্রের জন্য দামেস্ক রাশিয়া ও তুরস্কের সাথে আলোচনা চালালেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র আর্থিক সংকট।

বিশ্লেষকদের মতে, হামলাটির সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন ও তুর্কি প্রেসিডেন্টের মধ্যকার ফোনালাপ এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন দূতের বৈঠকের মাত্র কয়েক ঘণ্টার মাথায় এই হামলা হলো। এর মাধ্যমে ইসরায়েল মূলত তুরস্ক ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি শক্ত বার্তা দিতে চাইছে যে তারা পুরো অঞ্চলের গতিবিধির ওপর সতর্ক নজর রাখছে।