দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

ফন্ট সাইজ:

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অপর দুই সদস্য হলেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সোমবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্চ কমিটি তিনজনের নাম চূড়ান্ত করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপরই তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার। অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

অন্য কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি কাজ করেছেন।

নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি দমন, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হবে বলে দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন।