ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৬৮৪ মামলা

ফন্ট সাইজ:

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৮৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৩১টি গাড়ি ডাম্পিং এবং ৩১৫টি গাড়ি রেকার করা হয়েছে। রোববার (১৬ই আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। সোমবার ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি’র তথ্য অনুযায়ী, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ছয়টি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা করা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ১৯টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৫৩টি মামলা করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, দু’টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫টি বাস, ১৯টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩৯৮টি মামলা করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, আটটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩টি বাস, দু’টি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।