নবীনগরে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নবীনগরে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালতপাড়ায় মরহুম আব্দুল খালেকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কলেজ শিক্ষার্থীরা। গতকাল বেলা ১২টার দিকে নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘ছাত্র সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসমামুল হক ভূঁইয়া।

বক্তব্য দেন নূরে আলম সিয়াম, মো. তামিম, হাসান, মো. রাকিবসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক একটি বিরোধকে কেন্দ্র করে কোনো বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একইসঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরা জানান, গত ১৪ই আগস্ট দুপুর দেড়টার দিকে নবীনগর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের আসনে বসাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে নূরে আলম সিয়াম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে একদল কিশোর ধাওয়া দেয়। একপর্যায়ে প্রাণভয়ে সিয়াম আদালতপাড়ার একটি বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থীকে আশ্রয় দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মুন্না ও পলাশের নেতৃত্বে একদল লোক হেলাল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং গৃহকর্ত্রীসহ চারজন আহত হন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের গৃহকর্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেন। মামলায় টিএনটিপাড়ার গোলাম মিয়ার ছেলে মুন্নাকে প্রধান আসামি করে পাঁচজন এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ৪৬ জনকে আসামি করা হয়েছে। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।