দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে তার যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে মো. ইয়াকুব আলীকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। সিদ্ধান্তটি চিঠি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে। এদিকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সব পর্যায়ের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। জেলা বিএনপি’র পক্ষ থেকে জারি করা ওই চিঠিতে সংশ্লিষ্ট দলীয় নেতাদের বিষয়টি অবহিত করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
