কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিক আহমেদ (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে উপজেলার কাতলামারি এলাকায় অভিযান চালায় মিরপুর থানা পুলিশের একটি বিশেষ টিম। এ সময় সেখান থেকে নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতা আশিক আহমেদকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে গ্রুপ কলে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেন। আশিক মিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, আশিক আহমেদের বিরুদ্ধে নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
