ময়মনসিংহে ১০ বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর নাটকঘর লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কাজল চক্রবর্তী ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে। রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস শাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ই ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে কাজল চক্রবর্তী শিশুকে নিজ বসতঘরে নিয়ে যান। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন।
ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। তবে কাজল ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। পরে শনিবার সকালে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে কাজল চক্রবর্তীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।
