অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণÑ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুলভিত্তিক এক জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোয়াইনঘাটের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সার্বিক সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে এই অভিনব উদ্যোগ নেয়া হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী। উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিকের যৌথ ও প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
