চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা গ্রামে ঘাষের জমিতে বিষ প্রয়োগ করায় দেশি প্রজাতীর শত শত পাখি মারা গেছে। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কৃষককে জরিমানা করেছেন। জানা গেছে, গত রোববার সকালে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পাঠানপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে ধানে বিষ মিশিয়ে ছিটিয়ে দেয়। এতে দিনভর ওই জমিতে পোকা-মাকড় ও বিষ মিশানো ধান খেয়ে বিভিন্ন প্রজাতীর প্রায় ৩০০ দেশীয় জাতের পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে গতকাল রাত ৮টার দিকে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করে বলেন, মাঠে বিভিন্ন ক্ষতিকারক পোকা দমনের জন্য আমার বাবা জমিতে বিষ প্রয়োগ করেন। বিষ মিশ্রিত কিছু ধান ছিটিয়ে রেখেছিল জমিতে। ওই ধান ও পোকা-মাকড় খেয়ে পাখিগুলো মারা যায়।
এ আপরাধে রাজনকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম। চুয়াডাঙ্গা পানকৌড়ি পাখি সংগঠনের সভাপতি বখতিয়ার হামিদ বলেন, বিষ দিয়ে পাখি নিধন এটা খুবই দুঃখজনক। পাখি হত্যা অন্যায় এবং দণ্ডনীয় অপরাধ। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম গ্রামের কৃষকদের উদ্দেশ্যে বলেন, ফসল রক্ষার জন্য জমিতে কীটনাশক ব্যবহার করতে হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণে অনুযায়ী পাখি হত্যা করা যাবে না।
