রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদকসহ আটক ব্যক্তি এবং সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এসব এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মাদক সেবনের অভিযোগে মোর্শেদ আলম (২৮), নুর হোসেন (২১), এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), নাহিদ হাসান সজিব প্রধান (২৯), সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), ওমর ফারুক (৪৩), সাইদুল ইসলাম (৪০), মেহেদী (৩০) ও সাগর (২৮)কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া, মাদক সেবন ও মাদকসহ সালাম (২৫), অর্ণব ত্রিপুরা (২৯) ও অজয় ত্রিপুরা (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশ (১৯)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
