সীতাকুণ্ডে বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক আহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন। গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিক মো. আলাউদ্দিন (৩৫) কুমিরা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি ইয়ার্ডে ফিটার হিসেবে কাজ করেন। শ্রমিকদের দাবি, জাহাজের উপর কাজ করার সময় অসাবধানতাবশত: তার হাত থেকে একটি ভারী মালামাল নিচে পড়ে যায়। এ সময় তিনি আহত ও অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

তবে বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম সওদাগর বলেন, কাজের সময় ওই শ্রমিক শরীর দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। এদিকে একের পর এক দুর্ঘটনায় জাহাজভাঙা শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। সংস্থাটির হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহীন বলেন, শিল্প খাতকে নিরাপদ করতে সরকারি সংস্থাগুলোর কার্যকর নজরদারি ও কঠোর পদক্ষেপ জরুরি।