দৌলতপুর সীমান্তে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ, আটক ১

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ ঘটনায় এক মাদক পাচারকারী আটক হয়েছে। গতকাল দুপুরে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ জামালপুর বাগানপাড়া এলাকায় বিজিবি’র টহল দল রোববার রাত সাড়ে ১২টায় অভিযান চালায়। এ সময় মো. রিপন (৩৫) কে ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অপরদিকে গতকাল ভোর সাড়ে ৪টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ বিলগাথুয়া বিওপি’র দায়িত্বপূর্ণ পশ্চিম বিলগাথুয়া এলাকায় বিজিবি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ কেজি গাঁজা এবং ২ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। একইসময় ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ ধর্মদাহ পশ্চিম মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল মদ, ১ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৩৯ প্যাকেট বিড়ি উদ্ধার করে। রংমহল বিওপি’র দায়িত্বপূর্ণ রংমহল এলাকায় বিজিবি টহল দল একই সময় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।