পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত আবাসিক ভবন থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হাসপাতালের পরিত্যক্ত ভবনটি পরিষ্কার-পরিচচ্ছন্ন করার সময় এক আনসার সদস্য মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান বলেন, কয়েক দিন ধরে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় পরিত্যক্ত বাসাটি পরিষ্কার করতে গেলে আনসার সদস্য ঝুলন্ত মরদেহটি দেখতে পান। মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি অন্তত এক মাস আগের হতে পারে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।