নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহম্মদ সেলিম। গতকাল সকালে সোনাইমুড়ীতে শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি।

এ সময় হেযবুত তওহীদের এই শীর্ষ নেতা বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে সম্প্রতি নোয়াখালী জেলা স্কুলের মাঠে একটি ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার, হুমকি, উস্কানি, গালাগালি ও বেআইনি বক্তব্য রাখেন বক্তারা। ‘সারা দেশে হেযবুত তওহীদের কবর রচনা করা হবে’, ‘সরকার হেযবুত তওহীদকে নিষিদ্ধ না করলে সারা দেশ অচল করে দেয়া হবে’, ‘হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দেয়া হবে’, এরকম বহু বক্তব্য সেখানে রাখা হয় যেগুলো সম্পূর্ণরূপে দেশের আইন ও সংবিধান পরিপন্থি। ইমাম সেলিম আরও অভিযোগ করেন, কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই গোষ্ঠীটি দেশের বিভিন্ন জায়গায় হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হাটে-বাজারে, মসজিদে-মাদ্রাসায় বিতরণ করছে এবং জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে।

তারা সভা-সমাবেশে ও ওয়াজের মঞ্চে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করছে। এই অবস্থায় সংগঠনের নেতাকর্মীদের জানমাল, বাড়িঘর, সংগঠনের কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্প সমূহের উপর যেকোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ সময় সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ, নেতাকর্মীদের জানমাল ও স্থাপনার নিরাপত্তাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন হোসাইন মোহাম্মদ সেলিম। মতবিনিময় সভায় নোয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।