নবীনগরে গণপিটুনিতে গরুচোর নিহত

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার পান্ডুঘর হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার ফরিদ মিয়া ও পারুল বেগমের ছেলে। জানা গেছে, রোববার রাতে নলোয়ারপাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে কাজল মিয়া ঢুকেছিলো। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে গরুচোর ঢোকার ঘোষণা দেয়া হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে গরুসহ আটক করেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়।

এ সময় স্থানীয় লোকজন তাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।