দোহারের আন্তাবাহ্রা এলাকায় রোববার জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. নুর মোহাম্মদ নুরু (৬০)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী রিয়াজুল নামে এক যুবক। নুর মোহাম্মদ নুরু লুঙ্গি বুননের (তাঁতের) কাজ করতেন। এ ঘটনায় ঘটনাস্থল ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায়, প্রতিবেশী সেলিমের সঙ্গে জমিসংক্রান্ত ঝামেলা ছিল নিহত মো. নুর মোহাম্মদের। সকাল আনুমানিক ১০টার সময় নুর মোহাম্মদ বাড়ির পাশে যান গাছের ডাল আনতে। এসময় সেলিমের ছেলে রিয়াজুলের সঙ্গে তার তর্কবিতর্ক হলে একপর্যায় রিয়াজুল দা দিয়ে পেছন থেকে নুর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপ দেয়। স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দোহার থানা ওফিসার ইনচার্জ আবু বকর জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, প্রাথমিকভাবে জানতে পেরেছি বাড়ির পাশেই গাছের দুটি ডাল আনতে যান নিহত নুর মোহাম্মদ। এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায় তাকে কোপ দেয় প্রতিবেশী রিয়াজুল নামের এক যুবক। আমরা অনুসন্ধান করছি এবং আসামি ধরার জন্য কাজ করছি। মামলা প্রক্রিয়াধীন।
