‘মায়ের অবদানই সন্তানের সফলতার মূল চাবিকাঠি’

‘মায়ের অবদানই সন্তানের সফলতার মূল চাবিকাঠি’

ফন্ট সাইজ:

একটি সন্তানের জীবনের সর্বশ্রেষ্ঠ ও অমূল্য অবদানের পেছনে থাকেন তার মা। আর মা-বাবার পরেই যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছেন শিক্ষক। শিক্ষকরা নিজ সন্তানের মতোই স্নেহ-মমতায় শিক্ষার্থীদের গড়ে তোলেন। কোনো মা-বাবা বা শিক্ষক কখনোই চান না তাদের সন্তান ভুল পথে যাক। তাই মা-বাবা ও শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দেয়া এবং তাদের দিকনির্দেশনা মেনে চলাই প্রতিটি শিক্ষার্থীর প্রথম ও প্রধান কর্তব্য। গত রোববার বিকালে জেলা শিল্প একাডেমিতে অনুষ্ঠিত মানিকগঞ্জের ‘ইতিবৃত্ত ও জেলা প্রশাসন বিতর্ক কাপ’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুন্দর সমন্বয়কে উন্নত ভবিষ্যতের ভিত্তি উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, শুধু বইয়ের পাতায় পড়াশোনা সীমাবদ্ধ রাখলে চলবে না। মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো সহ-শিক্ষা কার্যক্রম প্রতিটি প্রতিষ্ঠানে আরও ছড়িয়ে দিতে হবে। খুদে বিতর্ক প্রতিযোগীদের দারুণ পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, আজকের এই আয়োজনে ছোট শিশুদের সাবলীল বক্তব্য সত্যিই অসাধারণ। আমাদের সন্তানরাÑ বিশেষ করে মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য, মানিকগঞ্জ তথা বাংলাদেশের মেয়েরা শুধু দেশে নয়, বিশ্বমঞ্চেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে। জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সারোয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে মূল্যবান পুরস্কার তুলে দেন আফরোজা খানম রিতা।