নদীর ধার ঘেঁষে অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর করতোয়া সেতু ও ২৫-৩০টি পরিবার ঝুঁকির মুখে পড়েছে। ভেঙে যাচ্ছে একটি শ্মশান ঘাট। দীর্ঘদিন থেকে স্থানীয় কিছু অর্থলোভী ব্যক্তি শ্রমিকদের দিয়ে পাথর উত্তোলন করে এলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে করা গণস্বাক্ষরিত এক লিখিত অভিযোগে জানা যায়, ভজনপুর করতোয়া নদীর উপর একটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ সেতুর উভয় পাশ থেকে এক কিলোমিটারের মধ্যে জনগণকে পাথর বালু উত্তোলন না করার জন্য নোটিশ আকারে সাইনবোর্ড স্থাপনসহ মাইকিং করেছে। কিন্তু অসৎ ব্যবসায়ীরা শ্রমিকদের দিয়ে নদীর ধার ভেঙে পাথর উত্তোলন অব্যাহত রেখেছে। এভাবে পাথর উত্তোলন করা হলে ২৫-৩০টি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতে পানি ভরাট হলে ঝুঁকিপূর্ণ সেতুটির দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া পাথর উত্তোলনের জন্য ভজনপুর বালুবাড়ী গ্রামের পাশের একটি শ্মশান ঘাট ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। অভিযোগকারী শামসুল হক বলেন, লিখিত অভিযোগ দেয়ার পর তারা পাওয়ার টিলার দিয়ে রাতে পাথর উত্তোলন করছে।
