গাছ কাটার অনুমতি না মেলায় চৌগাছায় ৩৩ কেভি লাইন নির্মাণ বন্ধ

ফন্ট সাইজ:

যশোরের চৌগাছায় সড়কের পাশের গাছ অপসারণে বনবিভাগের অনুমতি না পাওয়ায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের নির্মাণকাজ আটকে গেছে। এতে উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা যায়, চৌগাছা সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহের জন্য বর্তমানে একটি পুরনো ৩৩ কেভি লাইন চালু রয়েছে। পুরনো লাইনটিতে প্রায়ই ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ বিভ্রাট হয়। এ সমস্যা সমাধানে প্রায় এক বছর আগে চৌগাছা-সড়কের পাশ দিয়ে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণের কাজ শুরু হয়।

ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন লাইনের খুঁটি স্থাপনের কাজ শেষ করেছে। এখন তার টাঙানোর কাজ বাকি। তবে সড়কের পাশে থাকা অসংখ্য গাছের কারণে তার টাঙানো সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ বিভাগ সূত্রে আরও জানা যায়, গাছ অপসারণের বিষয়ে প্রায় এক বছর আগে বনবিভাগকে চিঠি দেয়া হয়। এরপর একাধিকবার তাগাদা দেয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে নতুন লাইন নির্মাণের কাজও শেষ করা যাচ্ছে না। চৌগাছা জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবীর মুহাম্মদ শোয়ায়েব বলেন, ‘আমরা বারবার তাগাদা দেয়া সত্ত্বেও বনবিভাগ গাছ কাটার উদ্যোগ নেয়নি। ফলে নতুন লাইন নির্মাণকাজ শেষ করা সম্ভব হচ্ছে না। এতে চৌগাছা উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে।’