অভিষেকে চার গোল হজম রাজশাহীর

এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লীগ

অভিষেকে চার গোল হজম রাজশাহীর

ফন্ট সাইজ:

এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লীগের প্রিলিমিনারি পর্বে  ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছে রাজশাহী স্টারস। ইস্ট বেঙ্গলের হয়ে জোড়া গোল করেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি। একটি করে গোল আস্তাম ওরাওন ও সৌমিয়া গুগুলোথের। ২০শে আগস্ট সাবাহ এফসির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।


শক্তিমত্তায় রাজশাহী স্টারসের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ইস্ট বেঙ্গল। ইন্ডিয়ান উইমেন্স লীগের টানা দুইবারের চ্যাম্পিয়ন দলটির আছে সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা। ভারতীয় জাতীয় দলে খেলা একাধিক তারকাও খেলেন ইস্ট বেঙ্গল দলে। প্রতি বছর ভারতীয় নারী লীগের জন্য বিগ বাজেটের দল গড়ে তারা। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে সেই ইস্ট বেঙ্গলের বিপক্ষে প্রায় জাতীয় দলের আদলে গড়া একাদশ নিয়ে খেলতে নামে রাজশাহী। পুরো ম্যাচে ১০টি শট নেয় বাংলাদেশ চ্যাম্পিয়নরা, লক্ষ্যে ছিল ৫টি শট। বিপরীতে ১৫ শটের ৬টি লক্ষ্যে রাখে ইস্ট বেঙ্গল। খেলা মাঠে গড়ানোর নবম মিনিটে গোল হজম করে রাজশাহী। স্পটকিক থেকে গোল করে ইস্ট বেঙ্গলকে এগিয়ে নেন অলিভিয়া আনোকিয়ে। ২৬ বছর বয়সী ঘানাইয়ান ফুটবলারের পর ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওঁরাও। ২৫ মিনিটে মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে বাংলাদেশের বক্সে ছুটে আসেন তিনি। শাহেদা আক্তার রিপাকে কাটিয়ে রূপনা চাকমাকে বোকা বানান ২১ বছর বয়সী এ ফুটবলার। ৩৮ মিনিটে ম্যাচে নিজের জোড়া গোল পূর্ণ করেন অলিভিয়া। রাজশাহী নেপালি ডিফেন্ডার বিমলা বিকের বাড়ানো ভুল ক্রস থেকে পাওয়া বল জালে জড়ান তিনি। বিরতির আগেই কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে রাজশাহী। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান তহুরা-স্বপ্নারা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। ৭১ মিনিটে গোলের হালি হজম পূর্ণ করে রাজশাহী। গোলটি করেন সৌম্যা গুগুলোথ। গ্রুপ পর্বের বাকি দুই দল মালয়েশিয়ান ক্লাব সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল যাবে পরের রাউন্ডে।

প্রথম ম্যাচ হারায় কিছুটা পিছিয়ে গেল বাংলাদেশ নারী ফুটবল লীগের চ্যাম্পিয়নরা। এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে বাংলাদেশ থেকে কোনো ক্লাব অংশ নেয়নি। এবার তৃতীয় আসরে বাংলাদেশ নারী ফুটবল লীগের চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলছে রাজশাহী। ফলে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এটি নতুন এক অধ্যায়ের সূচনা বটে!