ম্যাচের টানটান উত্তেজনার মধ্যেই আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ন্ত্রণে রাখতে খোদ মেসিকে অনুরোধ করেন রেফারি ভিনচিচ। ইতিপূর্বেই হলুদ কার্ড দেখা পারেদেসকে নিয়ে বেশ সতর্ক ছিলেন এই রেফারি। মেসিকে উদ্দেশ্য করে ভিনচিচকে বলতে শোনা যায়, মেসি, ‘পারেদেসকে একটু সামলান। আমি চাই না... ওর তো হলুদ কার্ড আছে। অনুগ্রহ করে একটু নিয়ন্ত্রণ করুন।’
শুধু তাই নয়, অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা সেই দারুণ ম্যাচ জয়ী গোলটি একেবারে কাছ থেকে দেখার বিরল সৌভাগ্য হয় ভিনচিচের। ১০৬ মিনিটের সেই নিখুঁত শটটি জালে জড়ানোর পর একপাশে স্পেনের বাঁধভাঙা উল্লাস এবং অন্যদিকে আর্জেন্টাইন খেলোয়াড়দের মাঠে লুটিয়ে পড়ার দৃশ্য তার ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে।
ম্যাচ শেষে দানি ওলমোর সঙ্গে আলাপকালে ভিনচিচ নিশ্চিত করেন যে, এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওলমো তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, ‘অসাধারণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’
ম্যাচ পরিচালনা শেষে পদক নিতে গিয়ে আরেক স্মরণীয় মুহূর্তের মুখোমুখি হন ভিনচিচ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প রেফারিকে দেখে দু’বার বলে ওঠেন- ‘গ্রেট জব’ (দারুণ কাজ)। এরপর ট্রাম্পের হাত থেকেই মেডেল গ্রহণ করেন এই অভিজ্ঞ রেফারি।
বর্ণাঢ্য এক ক্যারিয়ারের ইতি টেনে ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ফাইনালের সাক্ষী হয়ে থাকলেন স্লোভেনিয়ান এই রেফারি।
